আদালতে মাস্ক-ওপেনএআই বাকযুদ্ধ: ‘দাতব্য প্রতিষ্ঠান চুরি করা যায় না’
আন্তর্জাতিক ডেস্ক | ২ মে, ২০২৬
ওপেনএআই-এর বিরুদ্ধে দায়ের করা মামলায় কাঠগড়ায় দাঁড়িয়ে প্রতিষ্ঠানটির কড়া সমালোচনা করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। শুনানির সময় মাস্কের সাক্ষ্যগ্রহণ, আইনজীবীদের জেরা এবং বিচারকের সতর্কবার্তা ঘিরে আদালতের পরিবেশ হয়ে ওঠে উত্তপ্ত। ওপেনএআই-এর অলাভজনক সত্তা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরকে মাস্ক ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেছেন।
কাঠগড়ায় মাস্ক ও আইনজীবীর তণ্ডগোল
শুনানির শুরুতে ইলন মাস্ক ওপেনএআই-এর আইনজীবী উইলিয়াম স্যাভিটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। আইনজীবী তাকে শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তর দিতে বললে মাস্ক অভিযোগ করেন যে, প্রশ্নগুলো তাকে ফাঁদে ফেলার জন্য সাজানো হয়েছে। একপর্যায়ে বিচারক ইভন গঞ্জালেস রজার্স মাস্ককে অপ্রাসঙ্গিক কথা না বলে সরাসরি উত্তর দেওয়ার জন্য সতর্ক করেন। এছাড়া এআই-এর কারণে মানবজাতির বিলুপ্তি ঘটার মতো তাত্ত্বিক বিষয়ে বিতর্কে না জড়াতে উভয় পক্ষকে নির্দেশ দেন আদালত।
বোর্ড ছাড়া ও একক নিয়ন্ত্রণের অভিযোগ
ওপেনএআই-এর আইনজীবীদের দাবি, ২০১৮ সালে মাস্ক প্রতিষ্ঠানটির একক নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়ে বোর্ড ছেড়েছিলেন এবং এখন নিজের প্রতিষ্ঠান ‘এক্সএআই’-কে সুবিধা দিতে এই মামলা করেছেন। তবে মাস্ক এই অভিযোগ অস্বীকার করে জানান, স্পেসএক্স ও টেসলায় সময় দিতেই তিনি বোর্ড ছেড়েছিলেন। তিনি আদালতকে বলেন, "একটি মুনাফা-সন্ধানী প্রতিষ্ঠান গড়ায় কোনো ভুল নেই, কিন্তু আপনি একটি দাতব্য প্রতিষ্ঠানকে চুরি করতে পারেন না"।
পুরোনো ই-মেইল ও মুনাফা-সন্ধানী প্রসঙ্গের লড়াই
জেরার সময় ২০১৫ ও ২০১৭ সালের বিভিন্ন নথি উপস্থাপন করা হয়, যেখানে দেখা যায় মাস্ক নিজেই একসময় মুনাফা-সন্ধানী শাখা খোলার প্রস্তাব দিয়েছিলেন। এর জবাবে মাস্কের দাবি, তিনি মূল অলাভজনক লক্ষ্য ঠিক রেখে সাবসিডিয়ারি থাকার বিরোধী ছিলেন না, কিন্তু বর্তমানে ওপেনএআই পুরোপুরি বাণিজ্যিক সংস্থায় পরিণত হয়ে তার মূল উদ্দেশ্য হারিয়েছে।
মাইক্রোসফটের বিনিয়োগ ও ‘প্রতারণা’র দাবি
২০১৮ সালের নথিতে দেখা যায়, স্যাম অল্টম্যান মাইক্রোসফট থেকে বড় বিনিয়োগ নেওয়ার পরিকল্পনা মাস্ককে জানিয়েছিলেন, যা মাস্ক তখন গুরুত্ব দেননি। মাস্কের ভাষ্যমতে, তিনি তখন নথিপত্রের সূক্ষ্ম লেখাগুলো পড়েননি। ২০২২ সালে মাইক্রোসফট ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করলে মাস্ক অল্টম্যানকে মেসেজে লিখেছিলেন যে, এটি প্রতারণার মাধ্যমে প্রলুব্ধ করা ছাড়া আর কিছুই নয়।
মামলার প্রেক্ষাপট ও পরবর্তী পদক্ষেপ
ইলন মাস্ক জানান, গুগল ডিপমাইন্ডের অগ্রযাত্রা রুখতে এবং একটি ‘ওপেন সোর্স’ ও নিরাপদ এআই বিকল্প তৈরি করতেই তিনি ওপেনএআই প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হয়েছিলেন। তবে বিচারক রজার্স স্পষ্ট করেছেন যে, এই বিচার এআই-এর নিরাপত্তা নিয়ে নয়, বরং চুক্তির বিশ্বাসযোগ্যতা এবং আইনি কাঠামোর লড়াই।
আগামী ৪ মে পরবর্তী শুনানিতে মাইক্রোসফট এবং স্যাম অল্টম্যানের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।
সুত্রঃ সিএনএন

0 মন্তব্যসমূহ