তিন নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন নিকারের
নিজস্ব প্রতিবেদক, পকেট নিউজ | ১ জুলাই ২০২৬
দেশের প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও জনসেবাকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
বুধবার (১ জুলাই) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’ নামে তিনটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে ‘হালদা’ নামে একটি নতুন থানা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে পুনর্বিন্যাস করে বাঙ্গরা উপজেলা প্রতিষ্ঠা করা হয়েছে। অন্যদিকে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রশাসনিক সুবিধা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল করতে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো প্রশাসনিকভাবে ঢাকা জেলার আওতায় অন্তর্ভুক্ত করার অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রকল্প ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা এবং প্রশাসনিক সমন্বয় আরও সহজ হবে।
আরও পড়ুন
চট্টগ্রাম-৪ আসনে নতুন অনিশ্চয়তা: আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ, কী হবে সংসদীয় আসনের ভবিষ্যৎ?
বিস্তারিত পড়ুন এখানেনিকারের বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নতুন উপজেলা ও থানা গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং উন্নয়ন কার্যক্রমের সমন্বয় আরও জোরদার হবে।
দেশের সব খবর একসাথে পড়তে এখানে ক্লিক করুন
নিয়মিত সকল খবরের আপডেট পেতে পকেট নিউজ এর সাথে থাকুন। পকেট নিউজ — হাতের মুঠোয় সকল খবর। www.pocketnews.online


0 মন্তব্যসমূহ